বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ইসরায়েলে নির্বাচন

হারের মুখে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর দলের, প্রমাণ পায়নি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০৪:২১ পিএম

হারের মুখে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর দলের, প্রমাণ পায়নি পুলিশ

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। তবে অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পায়নি স্থানীয় পুলিশ। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার মতো পরিস্থিতিও দেখছে না কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ফিলিস্তিনি-ইসরায়েলি জনগোষ্ঠীর বসবাসের এলাকাগুলোতে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগের সঙ্গে নির্বাচন কমিটির পর্যবেক্ষণের মিল নেই।

নির্বাচনে আরব দলগুলোর আসন বাড়ার পূর্বাভাসের মধ্যে লিকুদ পার্টির এই অভিযোগ সামনে এসেছে। ভোটের প্রাথমিক হিসাবে নেতানিয়াহুর ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে।

আরব দলগুলোর বিরুদ্ধে লিকুদের অভিযোগ

বুধবার লিকুদ পার্টি অভিযোগ করে, আরব দলগুলো সমন্বিতভাবে ঘুস, ভয়ভীতি, সহিংসতা, জালিয়াতি এবং নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নির্বাচনে প্রভাব ফেলেছে।

দলটির দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের সংগঠিত করে নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। আরব রাজনৈতিক আন্দোলনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন এবং ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টার অভিযোগও তুলেছে লিকুদ।

দলটি জানিয়েছে, তারা শত শত সাক্ষ্য ও প্রমাণ হিসেবে দাবি করা নথি পুলিশের পাশাপাশি শিন বেত নিরাপত্তা সংস্থা এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।

এম/আই

Link copied!