ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয় আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জোশিমঠ-বদ্রীনাথ রুটে উড়োজাহাজটির নিখোঁজের খবর পাওয়ার পর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। তাদের সবাই পুরুষ। যাত্রীদের নাম প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এরপর হাতি পর্বত এলাকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির এক বিবৃতিতে বলা হয়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালিত হেলিকপ্টারটির কলসাইন ছিল ভিটি-এইচসিএক্স। বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাওয়ার পথে জোশীমঠ উপত্যকার ওপর দিয়ে উড়ার সময় সেটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থাতেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, জোশীমঠের কাছের ছাই গ্রাম এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, পুরো পরিস্থিতি তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীরা যেন নিরাপদে ফিরে আসেন, সে জন্য প্রার্থনাও করেছেন তিনি।
জোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী, এসডিআরএফ, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনিও সেখানে যাচ্ছেন।
সূত্র: এনডিটিভি
