শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত এবিজেএর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৯:৫১ পিএম

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত এবিজেএর

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়। দেশে-বিদেশে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এবিজেএর কোনো সদস্য হুমকি, হামলা, অপপ্রচার কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধার শিকার হলে সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে বয়কট করবেন। একই সঙ্গে তাঁদের সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকবেন।

সভায় আগামী ডিসেম্বর মাসে সংগঠনের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান আয়োজন এবং বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক ঐক্যের কোনো বিকল্প নেই। একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, পারস্পরিক সহযোগিতা, পেশাগত সংহতি ও ঐক্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আগামী দিনে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।

এম/আই

Link copied!