রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৯:০৩ পিএম

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। 

শনিবার (৭ নভেম্বর) পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী ওই নৌকাটি ডুবে যায়।

রোববার এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গভীর রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা প্রাথমিক বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা করা হচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ডাকারের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে একটি নৌকা ডুবে যায়।

দেশটির সংবাদমাধ্যম লে সোলেইল জানিয়েছে, নিহতদের অধিকাংশই একই বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় শনিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্বীপটির প্রশাসন জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন। সূত্র: আল জাজিরা

এম/আর

Link copied!