চীনের শেনজেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক চলাকালে ক্রিমিয়া সেতুতে ভয়ংকর হামলা চালিয়েছে ইউক্রেন।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো ইউক্রেন ক্রিমিয়া সেতুতে হামলা চালিয়েছে।
রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দখলকৃত ক্রিমিয়াকে সংযুক্তকারী সেতুটিতে আবারও হামলার পর রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ এ সেতুর মাঝের সড়ক অংশ ধ্বংস হয়ে যায়। এর একটি অংশ পানিতে ভেঙে পড়ে।
মস্কোর সামরিক অভিযানে সরবরাহ ও যোগাযোগের মাধ্যম এবং প্রতীকী স্থাপনা হিসেবে গুরুত্বপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আসছে এই অবকাঠামো।
বৃহস্পতিবার ভোরে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সেতুতে হামলার বিষয়টি নিশ্চিত করেন আকসিওনভ।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কেউ হতাহত হননি। সেতুর ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষজ্ঞরা কাজ করছেন।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘রাতের ড্রোন হামলার ফলে ক্রিমিয়া সেতুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের ঠিক বাইরের জেলাগুলোতে রাতভর বিমান হামলার সতর্কতা জারি করেছে ইউক্রেনের বিভিন্ন সূত্র।
ওডেসার গভর্নর ওলেহ কিপারের তথ্য অনুযায়ী, বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। কর্মকর্তারা এ হামলাকে ‘নৃশংস ও পরিকল্পিত... সরাসরি মানুষ ও তাদের জীবনকে লক্ষ্য করে চালানো হামলা’ বলে বর্ণনা করেছেন।
ক্রিমিয়া সেতুতে প্রথম দফার হামলাকে ‘নজিরবিহীন অভিযান’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনার পর এ অভিযান চালানো হয়েছে।
সূত্র: বিবিসি
