উপসাগরীয় দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দেশটির ঈসা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
উপসাগরীয় দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন রাডার ব্যবস্থায় হামলার একাধিক দাবি করেছে ইরান। সর্বশেষ এ হামলাও সেই ধারাবাহিকতার অংশ।
অন্যদিকে ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আইআরজিসি একঝাঁক ড্রোন পাঠানোর পর সেগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে ইরানের দাবি করা হামলায় মার্কিন রাডার ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
