মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১২:২২ পিএম

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা প্রদান

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে স্বাগত জানান। ছবি: পিআইডি

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার (২৩ নভেম্বর) ছয় সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদলসহ তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় বিমানবন্দরে পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার আগামী ২৪-২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

দৈনিক মুক্তবাণী

Link copied!