নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শনিবার ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সামরিক গোয়েন্দা মহাপরিচালক (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রবীণ সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং ভারতে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টারা অনুষ্ঠানে অংশ নেন।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান এবং এই দিনটির তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহস ও অঙ্গীকারের গৌরবময় ঐতিহ্যের ওপর আলোকপাত করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কথা স্মরণ করেন, যিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি ও শৃঙ্খলা জোরদার করার উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা হয়। ছবি: বাংলাদেশ হাইকমিশন
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অঙ্গীকার ও দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করেন। বর্তমান সরকার অতীতের গৌরবময় প্রাতিষ্ঠানিক ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি, ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশই প্রথম) নীতির আওতায় সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে তিনি এই অঞ্চলে এবং এর বাইরে থাকা সকল বন্ধু ও অংশীদারদের সাথে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বজায় রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ওআইসির ভারতসংক্রান্ত প্রস্তাবে নয়াদিল্লির তীব্র প্রতিবাদ
লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত তাঁর বিশেষ বক্তব্যে বাংলাদেশ ও ভারত—এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর জোর দেন, যা বিশ্বাস, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে প্রতিরক্ষা সহযোগিতার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। তিনি উভয় রাষ্ট্রকে ‘স্বাভাবিক অংশীদার’ হিসেবে অভিহিত করেন, যাদের মধ্যে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে—যা বিশ্বে অনন্য।
অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এবং এরপর অতিথিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়।
