নতুন করে প্রত্যাবাসন কার্যক্রমের আওতায় ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘোষণা দেন তিনি। এর পাঁচ দিন আগে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
মালয়েশিয়া ঐতিহাসিকভাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দিয়ে আসছে। তবে বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতিতে দেশটি ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠছে। মালয়েশিয়ার ভাষ্য, শরণার্থীদের আশ্রয় দেয়া দেশটির জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়। তবে মানবাধিকার সংগঠনগুলো ওই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে।
মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার বলেন, আগামী ৬ ও ৭ ডিসেম্বর তিনটি নৌযানে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে ফিরিয়ে নেয়া হবে। এর ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।’
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
গত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায়ে বলেন, মিয়ানমার কর্তৃপক্ষকে দেশের ভেতরে কিংবা বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের ‘নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং এতে সহায়তা করতে হবে।’
গত মাসে মিয়ানমারের সাবেক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেয় মালয়েশিয়া। এ পদক্ষেপের সমালোচনা করে মানবাধিকার সংগঠনগুলো বলেছিল, এর ফলে মিয়ানমার সরকার বৈধতা পেতে পারে এবং ফেরত পাঠানো মানুষেরা ঝুঁকিতে পড়তে পারেন।সরকারি আদেশ দেখুন
আনোয়ার বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তাদের যোগাযোগ মালয়েশিয়ার স্বার্থ রক্ষার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে তা আইসিজের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার ভাষায়, ওই রায়ের লক্ষ্য হলো নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশটিতে আশ্রয় নেয়া অনেক মানুষই ‘মিয়ানমার সরকারের চালানো নৃশংসতার শিকার’। তবে তিনি বলেন, শরণার্থীদের আশ্রয় দেয়ার সামর্থ্য মালয়েশিয়ার আর নেই। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের আশাও কার্যকর হয়নি।সরকারি আদেশ দেখুন
গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি ফেরত পাঠানো শত শত অভিবাসীকে মিয়ানমারের সামরিক বাহিনী আটক করে রেখেছে—এমন খবরের বিষয়ে তারা দেশটির কাছে ব্যাখ্যা চাইবে। মঙ্গলবারের বক্তব্যে আনোয়ার এ বিষয়ে কোনো কথা বলেননি। তবে রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠী নিয়ে মালয়েশিয়ার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। আইসিজের রায়েও এ উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই মূলত মুসলিম রোহিঙ্গা। তাদের ‘বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠী’ হিসেবে বর্ণনা করা হয়।
সূত্র: আল জাজিরা
