বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৮:২৮ পিএম

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ৭ অক্টোবর নাটোর রেলস্টেশনে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরা রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান ক্রিল। ফিরে এসে তিনি ওই ব্যক্তিকে খুঁজে পাননি। তাঁর ল্যাপটপ ও ক্যামেরার খোঁজও মেলেনি। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সদরদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দেখার উদ্দেশে গত ২৩ সেপ্টেম্বর এ দেশে আসেন ক্রিল। তিনি গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি তাঁর ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে তিনি তাঁর ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান। ওই ল্যাপটপে তাঁর গত ছয় মাসের কার্যক্রম ছাড়াও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। তাঁর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় একাধিক দল হারানো ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান চালায়। অবশেষে ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টায় নাটোর সদরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি (ম্যাকবুক) উদ্ধার করে পুলিশ। হারানো ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। এছাড়াও তিনি বাংলাদেশ ভ্রমণকালে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

পুলিশ সদর দপ্তর জানায়, বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার অবদানের স্বীকৃতি হিসেবে আইজিপি আজ নাটোর সদর থানার ওসি মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন। আইজিপি এ প্রশংসনীয় কাজের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি পুলিশের সকল ইউনিটকে দ্রুত ও পেশাদার পুলিশি সেবা দেওয়া, দেশি-বিদেশি সবাইকে নিরাপত্তা দেওয়া ও আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনের নির্দেশনা দেন।

এম/আই

Link copied!