বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফারজানা রূপার পক্ষে লড়তে চান ব্রিটিশ দুই আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৭:৩৭ পিএম

ফারজানা রূপার পক্ষে লড়তে চান ব্রিটিশ দুই আইনজীবী


ফারজানা রূপার হয়ে মামলা লড়তে চাওয়া আইনজীবীরা হলেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক৷ ১ অক্টোবর বার কাউন্সিলে ই-মেইল পাঠিয়ে তারা এ আবেদন করেন৷

বিমানবন্দরে গ্রেপ্তার এবং কারাবাস

২০২৪ সালের ২১ অগাস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়৷ পরে দুজনকেই উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷ ওই মামলায় প্রথমে তাদের চার দিনের রিমান্ড দেয় আদালত৷ এরপর আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড হয়৷ গ্রেপ্তারের নয় দিন পর, অর্থাৎ ২০২৪ সালের ৩১ অগাস্ট ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত৷

দুই বছরেরও বেশি সময় ধরে এই সাংবাদিক দম্পতি কারাগারেই আছেন৷

২০২৬ সালের ১১ মে হাই কোর্ট ফারজানা রূপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিল৷ তবে আরেকটি মামলায় জামিন না হওয়ায় তারা মুক্তি পাননি৷

২০২৬ সালের ৭ জুন ফারজানা রূপা ও শাকিল আহমেদের জামিনের আদেশ স্থগিত করে জামিন প্রশ্নে হাই কোর্টের জারি করা রুল নিষ্পত্তির আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ৷

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সরকার৷ ৮ অগাস্ট ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন৷

দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন

বুধবার সাংবাদিক ফারজানা রূপার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবীকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বার কাউন্সিলে আলাদা একটি আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মাহবুব শফিক৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে তিনি বলেন, বিদেশি দুই আইনজীবী ই-মেইলে যে আবেদন করেছিলেন, তার মুদ্রিত কপি (হার্ড কপি) বার কাউন্সিলে জমা দেওয়া হয়েছে৷

মাহবুব শফিক আরো বলেন, বার কাউন্সিলে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাইব্যুনালে ফারজানা রূপার পক্ষে লড়ার অনুমতি চেয়ে যুক্তরাজ্যের লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক গত ১ অক্টোবর ই-মেইলে আবেদন করেছেন৷ আগামী ১ নভেম্বর ফারজানা রূপার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে৷ ট্রাইব্যুনালে বিদেশি কোনো আইনজীবীর উপস্থিত হওয়ার জন্য বার কাউন্সিলের পূর্বানুমতি আবশ্যক৷ কিন্তু তাদের আবেদনে বার কাউন্সিল এখনো সাড়া দেয়নি৷ মামলাটির বিচারকাজ দ্রুতগতিতে এগোচ্ছে৷ তাই ফারজানা রূপার পক্ষে বিদেশি আইনজীবীদের জরুরি ভিত্তিতে এ মামলায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন৷

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ আসামি ৪১ জন৷ এ মামলার আসামিদের মধ্যে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাও রয়েছেন৷ তারা বর্তমানে কারাগারে আছেন৷

এর আগে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের জন্য গত ডিসেম্বরে বার কাউন্সিলে আবেদন করেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান৷ একই ধরনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানও বিদেশি আইনজীবী চেয়ে গত জানুয়ারিতে বার কাউন্সিলে আবেদন করেছিলেন৷ তবে বার কাউন্সিল এখন পর্যন্ত এসব আবেদনের কোনোটিতেই সাড়া দেয়নি৷

এম/আর

Link copied!