বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা, অভিযোগ গঠন শুনানি পেছাল

আদালত প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৩:৫০ পিএম

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা, অভিযোগ গঠন শুনানি পেছাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর দিন ধার্য রেখেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার ২০তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাজহারুল ইসলাম শুনানির পরবর্তী এ দিন ধার্য করেন।

আদালতের বেঞ্চ সহকারী মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজকের দিন মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য ছিল। তবে আসামি বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমানের পক্ষে সময় আবেদন করা হয়। কারণ হিসেবে বলা হয়, অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আইনজীবীদের পর্যাপ্ত প্রস্তুতি নেই এবং সিনিয়র আইনজীবীরা দেশের বাইরে আছেন।’

এ জন্য আদালত শেষবারের মতো সময় দিয়ে আগামী ৮ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।

মামলার তিন আসামি কারাগারে রয়েছেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এর আগে দুই দফা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছানো হয়।

গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার ছাত্রীকে পড়াতে গিয়ে খুন হন জোবায়েদ। সেদিন বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ওই ছাত্রীর বাসার নিচতলায় জোবায়েদকে ছুরি মারা হয়। রক্তাক্ত অবস্থায় তিনতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় দুই দিন পর নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে ২১ অক্টোবর বংশাল থানায় হত্যা মামলা করেন। মামলার প্রায় ৯ মাস পর তদন্ত শেষে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মো. আশরাফ হোসেন।

অভিযোগপত্রে জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান, মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে ত্রিভুজ প্রেমের কাহিনি উঠে আসে।

মামলার অভিযোগ অনুযায়ী, মো. জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। প্রতিদিনের মতো গত ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডে নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং রৌশান ভিলায় বর্ষাকে পড়ানোর জন্য যান।

সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে ওই ছাত্রী জোবায়েদ হোসেনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারের মাধ্যমে জানান, জোবায়েদ স্যার খুন হয়ে গেছে, কে বা কারা জোবায়েদ স্যারকে খুন করে ফেলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কামরুল হাসান ৭টার দিকে জোবায়েদের ভাই এনায়েত হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে জানান।

এনায়েত তার শ্যালক শরীফ মোহাম্মদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল রৌশান ভিলায় পৌঁছান। ভবনের নিচতলা থেকে ওপরে ওঠার সময় সিঁড়ি এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ওই ভবনের তৃতীয় তলার রুমের পূর্ব পার্শ্বে সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় দেখতে পান।

এম/আই

Link copied!