২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামল এবং জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ চিহ্নিত করতে দেশব্যাপী গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
এ কর্মসূচির প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে যশোর থেকে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সম্ভব হলে চলতি মাসেই, এমনকি এ সপ্তাহের মধ্যেই যশোর জেলা থেকে পর্যায়ক্রমে গণশুনানি শুরু করবো। এ কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।’
‘আমরা চাই, এ দেশে আর কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হোক। ভবিষ্যতে যেন আর কোনো ক্রসফায়ার, গুম কিংবা খুনের ঘটনা না ঘটে। এই লক্ষ্য সামনে রেখেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে,’ যোগ করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের বিভিন্ন জেলায় ক্রসফায়ার, গুম ও অপহরণের মতো গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে। একইভাবে জুলাই আন্দোলনের সময়ও অনেক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা, গুম কিংবা পঙ্গু করার অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহের লক্ষ্যে প্রতিটি জেলায় সরেজমিনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেক জেলায় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার যৌথ উদ্যোগে সরেজমিনে যাবো। সেখানে গণশুনানির মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো চিহ্নিত করবো। কোনো অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় পড়লে সে অনুযায়ী বিচারের ব্যবস্থা করা হবে।’
তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতাভুক্ত অপরাধের কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি আইনানুগ প্রক্রিয়ায় আসামিদের গ্রেফতারের উদ্যোগও নেওয়া হবে।
