ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে একজন আইনজীবী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই আইনজীবীর নাম জানা যায়নি।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব ঘোষ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে আরও কয়েকজনকে এ মামলায় গ্রেফতার করা হয়।
