বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

জামিন পেলেন মাদরাসা ছাত্রীর আলোচিত অভিভাবক শাহজালাল রুমী

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৮:৪০ পিএম

জামিন পেলেন  মাদরাসা ছাত্রীর আলোচিত অভিভাবক শাহজালাল রুমী

জামিন পেলে মাদরাসা ছাত্রীর অভিভাবক শাহজালাল রুমি। ছবি : দৈনিক মুক্তবাণী

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে জামিন দিয়েছেন গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

বৃহস্পতিবার গাজীপুর আদালত তাকে জামিন দেন।

আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা, এডভোকেট পনির, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু, অ্যাডভোকেট সাদিয়া আফরিন, অ্যাডভোকেট কামরুন নাহার লিজা প্রমুখ।

রুমীর নিয়োজিত আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া আইনজীবীরা কোনোক্রমেই সমর্থন করেন না। তবে ঘটনার আকস্মিকতায় কেউ আইনের সংস্পর্শে বা সংঘর্ষে জড়িয়ে পড়লে ন্যায়বিচারের স্বার্থে আইনজীবীরা আইনগত সেবা দেয় এটা তাদের পেশাগত দায়বদ্ধতা।

জানা গেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসান এর সমন্বয়ে গঠিত এনেক্স ভবনের ৯ নম্বর আদালত গত ৩ নভেম্বর তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ফলে ওই আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গাজীপুর দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান শাহজালাল রুমি।

এব্যাপার শাহজালাল রুমি বলেন, সমাজের একটি ভয়ংকর প্রবণতার বিরুদ্ধে আমি সতর্ক করতে চাই যে, ধর্মীয় পোশাক ও পরিচয়ের আড়ালে যারা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।যারা অপকর্মের মাধ্যমে পবিত্র ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, তাদেরকে কোনেভাবেই ছাড় দেওয়া উচিত নয়। ইসলামের পবিত্র পরিচয়কে কেউ যেন নিজের অপরাধ ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে। অপরাধী যেই পরিচয়ই ধারণ করুক না কেন,  তার পরিচয় হওয়া উচিত আইনের চোখে একজন অপরাধী। তিনি আরও জানান, ওই ঘটনার পর আমার পুরো পরিবার এখনও ট্রমার মধ্যে রয়েছে।

প্রসঙ্গত, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় সংশ্লিষ্ট অভিভাবক রুমীর বিরুদ্ধে অভিযোগ আনা হলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে।
পরবর্তী সময়ে তার পক্ষে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হলে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়েছিল।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!