দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও আইনসম্মত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ৪ অক্টোবরের ওই ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করছিলেন।
বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ, মতামত বা সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে মতবিরোধ থাকলেও হামলা, হুমকি বা পেশাগত কাজে বাধা দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। সাংবাদিকের ওপর হামলা শুধু একজন পেশাজীবীর ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপরও আঘাত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্পাদক পরিষদ বলেছে, তদন্ত অবশ্যই নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণভিত্তিক হতে হবে। হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদ কয়েকটি দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সব হামলা, হুমকি ও হয়রানির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত; জড়িতদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করা; রাজনৈতিক কর্মসূচি, বিশ্ববিদ্যালয়, আদালত, প্রশাসনিক কার্যালয় ও অন্যান্য জনসমাগমস্থলে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি বন্ধ করা।
এ ছাড়া রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সব পক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়; এটি একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজের অপরিহার্য শর্ত। ভয়, হুমকি ও সহিংসতার পরিবেশে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। তাই সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনায় দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
