“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর মহানগরের পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহানগরের পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি রিকের কার্যালয় থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জমির পাঠান। সঞ্চালনা করেন রিকের পূবাইল শাখার ব্যবস্থাপক ইদ্রিস মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রিকের জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার হৃদয় কুমার, সমাজসেবক কাজী সুবহান, রিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব, তাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবীণরা দীর্ঘদিন পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই জীবনের শেষ পর্যায়ে তাদের যথাযথ সম্মান, যত্ন ও সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব।
এ সময় প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং তাদের অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
