সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০২:০৬ পিএম

যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দ্রুত দূর করারও তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।
প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে দ্রুত নির্মাণকাজের গতি বাড়াতে এবং প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকল্পটির কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করতে হবে।

পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!