বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৯:৩৫ পিএম

সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়: তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা ২০২৬’ উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, এই ব্যবস্থায় একজন নাগরিক কর্মক্ষম থাকা অবস্থায় নিয়মিত অবদান রাখবেন এবং জীবনের পরবর্তী সময়ে সেই সঞ্চয়ের ভিত্তিতে আর্থিক সহায়তা পাবেন। এটি একটি সুদূরপ্রসারী ও পরিকল্পিত সামাজিক বিনিয়োগ।


শিক্ষাব্যবস্থায় নতুন ভাবনা, কারিকুলামে আসছে নতুন সংযোজনশিক্ষাব্যবস্থায় নতুন ভাবনা, কারিকুলামে আসছে নতুন সংযোজন
তিনি বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় চারটি স্কিম রয়েছে—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। যার জন্য যে স্কিম প্রযোজ্য, সে অনুযায়ী তা বেছে নেওয়া যায়। এসব স্কিমের মাধ্যমে শুধু নিজের ভবিষ্যৎ নয়, সন্তানের ভবিষ্যৎও নিরাপদ করার সুযোগ রয়েছে।


প্রতিমন্ত্রী সবাইকে পরিবার-পরিজন ও সহকর্মীদের সরকারের পেনশন স্কিমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরিবারের নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি।


অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে অধিকাংশ চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষের কর্মজীবন শেষে পেনশনসহ ভবিষ্যৎ নিরাপত্তার তেমন কোনও ব্যবস্থা নেই। বেসরকারি প্রতিষ্ঠানে কিছু ক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠান যৌথভাবে অংশগ্রহণ করলেও রাষ্ট্রীয়ভাবে সর্বজনীন পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা।


তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক আরিফুজ্জামান। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।


অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিভাগীয় কমিশনারের কার্যালয়, বিভাগের বিভিন্ন সরকারি দফতর, ব্যাংক ও জাতীয় পেনশন স্কিমের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আলোচনা সভার আগে ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা ২০২৬’ উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এম/আই

Link copied!