বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৩:৫১ পিএম

সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের ভাইরাল হওয়া অডিও নিয়ে তৈরি হওয়া প্রশ্নের প্রাথমিক জট খুলেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষায় অডিওটির কণ্ঠ রাকিবুল ইসলামেরই বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে ওই কথোপকথন কোন প্রেক্ষাপটে, কোথায় এবং কার সঙ্গে হয়েছিল, তা এখনো তদন্তাধীন।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবিপ্রধান বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলামকে রিমান্ডে এনে তার ভাইরাল হওয়া কথোপকথনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তার কণ্ঠের ভয়েস টেস্ট করা হয়।
পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল অডিওতে যে কণ্ঠ শোনা গেছে, সেটি রাকিবুল ইসলামেরই। অডিওটি অন্য কোনোভাবে তৈরি বা বানানো হয়নি।

তিনি বলেন, এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ-আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে—এগুলো বিস্তারিত তদন্ত চলছে।

শফিকুল ইসলাম আরও বলেন, রাকিবুল ইসলামের কণ্ঠের নমুনা পরীক্ষার জন্য আদালতের অনুমতি নেওয়া হয়েছিল। পরে সিআইডির মাধ্যমে পরীক্ষা করে অডিওটির কণ্ঠ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

সাবেক ওসি রাকিবুল ইসলাম কোনো তথ্য পাচার করেছেন কি না বা কারও সঙ্গে কোনো তথ্য শেয়ার করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যাবে না।

তিনি বলেন, এটা আসলে একটা কনক্লুশনে না গেলে বলা যাবে না। অন্য যে প্রশ্নগুলো আছে, আমরা তদন্ত করে করব।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ভাইরাল হওয়া ওই অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’। তিনি আরও বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত’। অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও বক্তব্য শোনা যায়।

দৈনিক মুক্তবাণী

Link copied!