বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

পর্দা নিয়ে কটূক্তিকারী শিক্ষক তাসনিম সিরাজকে বহিস্কার করতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০১:১৪ পিএম

পর্দা নিয়ে কটূক্তিকারী শিক্ষক তাসনিম সিরাজকে বহিস্কার করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক নারী শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কটূক্তির অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। একই সঙ্গে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি বলেন, ‘কোনো শিক্ষার্থী ধর্মীয় পোশাক পরিধান করার কারণে তাকে অপমান, হেনস্তা বা ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। একজন শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদার প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা। সেখানে কোনো শিক্ষার্থীর ধর্মীয় পরিচয় বা পোশাককে কেন্দ্র করে তাকে হেয় করা শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।’

সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, ‘অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে সত্যতা নিশ্চিত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব, নিকাবসহ ধর্মীয় পোশাক পরিধানকারী শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্য, অপমান বা হয়রানি মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসমাজকে দায়িত্বশীল ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো উচিত।’

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদঘাটন, ভুক্তভোগী শিক্ষার্থীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দৈনিক মুক্তবাণী

Link copied!