যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, তারা এখন নেই। তবে তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তাই আপনাদের সতর্ক থাকতে হবে এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও আন্দোলন-সংগ্রাম করেছেন। তারেক রহমান ১৭ বছর দেশের বাইরে ছিলেন। তিনি আপনাদের কাছ থেকে কিছু নিতে আসেননি, বরং জনগণের কল্যাণে কাজ করতে এসেছেন।
শুক্রবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী, ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, ওমরু ফারুক, জিএস শহীদ, মোস্তাফিজুর রহমান ও জহুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়।
