শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভারত থেকে আমদানি করা হলো ১৮ রেলকোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৮:০১ পিএম

ভারত থেকে আমদানি করা হলো ১৮ রেলকোচ

ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচের প্রথম চালানের ১৮টি কোচ চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে কোচগুলো দর্শনা রেলপথ হয়ে দেশে পৌঁছায়। পর্যায়ক্রমে বাকি ১৮২টি কোচও বাংলাদেশে আনার কথা রয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় এসব রেলকোচ আমদানি করা হচ্ছে। শুক্রবার প্রথম চালানের কোচগুলো বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। পরে সেগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার সেখান থেকে রওনা হয়ে ভারতের গেদে সীমান্তে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো বুঝে নেন।

আমদানি করা কোচগুলো লাল-সবুজ রঙে সাজানো হয়েছে। প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে এসি চেয়ার, এসি বার্থ, লাগেজ ভ্যান ও ১১টি শোভন চেয়ার কোচ রয়েছে। এসব কোচ যাত্রী পরিবহনে যুক্ত হলে রেলসেবার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভারতের রেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের প্রধান নির্বাহী শুভজিত ঘোষসহ তিন সদস্যের একটি প্রতিনিধিদল দর্শনা রেলবন্দরে উপস্থিত থেকে কোচগুলোর প্রথম চালান বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম ও ডিভিশনাল ট্রাফিক অফিসার (বাণিজ্যিক) হাছিনা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম জানান, প্রথম চালানে আসা ১৮টি কোচ দর্শনায় পৌঁছেছে। কাস্টমস-সংক্রান্ত কার্যক্রম শেষ হলে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। বাকি কোচগুলোও চুক্তি অনুযায়ী ধাপে ধাপে দেশে আনা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সরকার ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে চুক্তি করে। ওই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ২০০টি রেলকোচ সরবরাহ পাওয়ার কথা রয়েছে।

এম/আই

Link copied!