২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট চারটি নতুন পাঠ্যবই চালুর অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
নতুন বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ নামের দুটি বই।
রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসিসির পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ শ্রেণির বই দুটির অনুমোদনসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও অংশ নেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য।
এদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন বই দুটির অনুমোদন দিতে আয়োজিত সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এ সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্য সদস্যরাও অংশ নেন।
নতুন বইগুলো চালু হলে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষণ এবং কারিগরি শিক্ষা বিষয়ে নতুন পাঠ্যবই পড়ার সুযোগ পাবে।
