কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের নিয়মিত ক্রীড়া আয়োজন দেশের গলফ অঙ্গনের অগ্রগতি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সফলভাবে টুর্নামেন্ট শেষ করায় আয়োজক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এবারের টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে উইনার হওয়ার গৌরব অর্জন করেন এস এম আবদুল্লাহ ফারাবী। এছাড়া রানার আপ হন কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন, লেডিস উইনার হন হাইজং উম এবং ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার হন আকিব আরাফাত খান।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, টুর্নামেন্টের মূল স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আর কবির, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগিতায় অংশ নেওয়া গলফারগণ ও তাঁদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা।
