মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মাদক ও কিশোর গ্যাংয়ের ‘গডফাদারদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৭:৪৩ পিএম

মাদক ও কিশোর গ্যাংয়ের ‘গডফাদারদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ‘গডফাদারদের’ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সায়েদুর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক (সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সায়েদুর রহমান বলেন, ‘মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স‌।’

সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ‘দায়িত্ব পালনকালে জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।’

অতিরিক্ত আইজিপি আরও বলেন, ‘ডাকাতি মামলা রেকর্ড ও ঘটনা দ্রুত উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে, যেন বিচারে সাজার হার বাড়ে।’

এছাড়া সার্বিকভাবে অন্যান্য মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সায়েদুর রহমান বলেন, ‘সমাজে ইতিবাচক ইমেজধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।’

সম্প্রতি সমাপ্ত শারদীয় দুর্গাপূজা নিরাপদে-নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষে ধন্যবাদ জানান।

সভায় গত সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম/আই

Link copied!