মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। এ ছাড়া মেডিকেল পরীক্ষার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার ফি বাবদ কোনোভাবেই ৮ হাজার টাকার বেশি দেওয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দেরি না করে তার মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা কোনো ধরনের হয়রানি, গড়িমসি বা ঝামেলা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে—[email protected]।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।
মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। মানসম্মত, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালনের পাশাপাশি সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
