শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
এইচএসসি ফল

২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১১:৫৩ এএম

২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, এবার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন।

শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং খুদে বার্তার মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সে বছর মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে ওই বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয় ৯ সেপ্টেম্বর।

জেএইচ

Link copied!