রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।
রোববার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
