রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে এশিয়া আন্তর্জাতিক মেলা বসানোকে কেন্দ্র করে আজও উত্তেজনা ছড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদের আন্দোলনের অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা জড়ো হচ্ছে। অন্যদিকে বাণিজ্য মেলার মাঠের পূর্ব কোনে অবস্থান নিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা ক্যাম্পাসে জড়ো হচ্ছে জানতে পেরেছি। আমরাও এখানে আছি।
সরেজমিনে দেখা গেছে, বাণিজ্য মেলার মাঠে বসানো দোকানপাটের বাইরে পুরো জায়গা ফাঁকা। মাঠের পূর্ব দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মোড়ে অবস্থান নিয়েছে। কিন্তু ছাত্রদের আসার খবর নেই। মাঠে বাড়তি পুলিশের সাথে সঙ্গ দিচ্ছেন তেজগাঁও এসি, শেরেবাংলা নগর থানার ওসি ও অপারেশন কর্মকর্তা।
শেরেবাংলা নগর থানার অপারেশন কর্মকর্তা বলেন, আমরা আজ ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচি আশা করছি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শেরে বাংলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাঙ্গণে দুই থেকে তিনশত ছাত্র জড়ো হয়েছেন। তারা একটি বিশ্ববিদ্যালয়ের পিকআপে মাইক লাগিয়ে হলের ছাত্রদের আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।
সেখানে থাকা গোয়েন্দা বাহিনীর একজন সদস্য জানান, মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে আজ তারা মাঠের কোনো স্থাপনা রাখবে না। পাশাপাশি এ সময় তাদের মাঝে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে এই আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা ইন্ধন দিচ্ছে কিনা সেই বিষয়টি তারা ইতোমধ্যে নজরে নিয়েছেন।
দুপুর ১২টায় মাঠে দুটি জমি চাষের ট্রাক্টর ও একটি পিকআপ প্রবেশ করতে দেখা গেছে। এ সময় পিকআপে লাগানো মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, অ্যাকশন টু অ্যাকশন, আজকের অ্যাকশন।
জানা গেছে, ছাত্ররা পেছনে আসছে। তারা তাদের আগাম পাঠিয়েছে।
