আসছে ২০২৭ সালে বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় উৎসবের দিনগুলোতে সরকারি সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও ঐচ্ছিক ছুটি মিলিয়ে ২৯ দিন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৭ দিনের সাপ্তাহিক সাধারণ ছুটি অন্তর্ভুক্ত থাকায় সেগুলো বাদে মোট ২২ দিন ছুটি প্রয়োগ করার সুযোগ থাকছে।
সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই সূচি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের আলোচ্যসূচি বিস্তারিত বর্ণনা করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ খ্রিষ্টাব্দের জন্য ১৫ দিন সাধারণ ছুটি, ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে ৭ দিনের সাপ্তাহিক ছুটি (৩টি শুক্রবার ও ৪টি শনিবার) রয়েছে। ফলে মোট ছুটি দাঁড়াচ্ছে ২২ (২৯-৭) দিন।
এসব ছুটির মধ্যে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিনের সাধারণ ছুটি রয়েছে। এই সাধারণ ছুটির মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার)। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন (১টি শুক্রবার ও ২টি শনিবার)। ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের বৎসরে অনধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদ্যাপন উপলক্ষে ২ দিন ঐচ্ছিক ছুটি মঞ্জুর করা হয়েছে।
