সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৮:৩৩ পিএম

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
সভায় দলীয় সংসদ সদস্যদের (এমপি) উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
সভার সূত্র জানায়, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন।
এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানান। আর আজ রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনা আবেদন করেছেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো যেতে পারে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এরপর পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত বিষয়ে এটিই তাঁর প্রথম আবেদন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

এম/আর

Link copied!