বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
দুটি ককটেল বিস্ফোরণ

একটি থানার নারী ও শিশু হেল্পডেস্কের সামনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১২:৫৩ পিএম

একটি থানার নারী ও শিশু হেল্পডেস্কের সামনে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের খিলগাঁও থানা লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল দুটির একটি খিলগাঁও থানার সামনে এবং অপরটি থানার নারী ও শিশু হেল্পডেস্কের সামনে বিস্ফোরিত হয়।

বুধবার রাতে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি থানার সামনে এবং অপরটি থানার চত্বরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনে বিস্ফোরিত হয়।

ককটেল দুটি চলন্ত মোটরসাইকেল থেকে নিক্ষেপ করা হয়েছে, নাকি অন্য কোনো স্থান থেকে ছোড়া হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
দ্রুতই ঘটনার বিস্তারিত তথ্য উদ্‌ঘাটন এবং জড়িত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, মতিঝিল বিভাগের তত্ত্বাবধানে সব থানার পুলিশ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। খুব শিগগিরই এ ধরনের ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।

জেএইচ

Link copied!