সড়কে প্রাণহানি কমাতে শুধু চালকের সচেতনতা বাড়ালেই হবে না, প্রয়োজন কার্যকর সড়ক নিরাপত্তা আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সমন্বিত সেইফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন। মানুষের ভুলের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এমন নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে একটি ভুলের কারণে কারও প্রাণহানি না ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক তরুণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা বাড়ালেই হবে না, সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন, অনেকে পঙ্গুত্ববরণ করছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন জরুরি।
তিনি বলেন, আইনের যথাযথ প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে প্রাণহানি কমিয়ে আনতে হবে। সড়ক নিরাপত্তা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সড়ক ব্যবহারকারীদের সম্মিলিত দায়িত্ব।
কর্মশালায় সেইফ সিস্টেম অ্যাপ্রোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি। তিনি বলেন, সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। একটি দুর্ঘটনার পেছনে সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগসহ বিভিন্ন বিষয় জড়িত।
তিনি আরও বলেন, মানুষের ভুলের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এমন সড়কব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কোনো ভুলের কারণে মানুষের জীবনহানি না ঘটে। এ জন্য নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সড়ক নিরাপত্তা আন্দোলনে তরুণদের সম্পৃক্ত হয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।
ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান।
কর্মশালায় বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক তরুণ অংশ নেন। এ সময় সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি, নিরাপদ সড়ক গঠনে তাদের ভূমিকা এবং দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সড়ক ব্যবস্থাপনায় নিরাপদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
