বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১১:০০ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

ফোন করে চায়ের আমন্ত্রণ। এরপর বিরোধী দলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক। আলোচনায় উঠে আসে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পতিত আওয়ামী লীগ এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়। বৈঠকের পরই সংসদে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে এই বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী।

মাগরিবের নামাজের আগে ফোন করে বিরোধী দলীয় নেতাকে চা পানের আমন্ত্রণ জানান তিনি। পরে দুই নেতার মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়।

বৈঠকে পতিত আওয়ামী লীগের প্রশ্নে বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখেন বিরোধী দলীয় নেতা। একইসঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন তিনি। এ বিষয়ে আলোচনার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রীও।

সরকারি সেবা

জামায়াতের এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে স্টার নিউজকে জানান, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বিরোধী দলীয় নেতা আহ্বান জানালে প্রধানমন্ত্রী আগের মতো কঠোর অবস্থান দেখাননি। ফলে দুই নেতার এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এর মধ্যে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে অভিযোগ রয়েছে।

এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সংসদে বিরোধী দলীয় নেতাকে ডেকে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। আর বৈঠকের পর সংসদে দেওয়া নির্ধারিত ভাষণে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

দৈনিক মুক্তবাণী

Link copied!