কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেছেন, রাত দুইটা ২০ মিনিটের দিকে নুরুল ইসলাম নাহিদকে তার মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
মি. মনসুর জানান, তার বিরুদ্ধে “অনেকগুলো মামলা আছে। সুনির্দিষ্ট কোন মামলায় সেটা আমরা তদন্ত ও যাচাই-বাছাই করতেছি”।
এদিকে, নুরুল ইসলাম নাহিদকে আটকের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে মি. নাহিদ ও তার পরিবারের সদস্যদের অভিযোগ করতে দেখা যায় যে, পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগে তাদের বাসায় কিছু লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা-পয়সা ও গহনা নিয়ে গেছেন।
এ বিষয়ে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছু জানেন না বলে বলতে শোনা যায় ভিডিওতে।
২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী ছিলেন।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
