‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনায় গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীকে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারের সঙ্গে একই চেতনায় কাজ করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘‘উই রিভোল্ট’’ উচ্চারণে গর্জে উঠেছিলেন। ‘‘উই রিভোল্ট’’ উচ্চারণ করেই ক্ষান্ত থাকেননি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে তিনি সেনাবাহিনীর সব বাংলাভাষী কর্মকর্তা ও সৈনিককে জড়ো করেন। সেই রাতেই সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।’
তিনি বলেন, ‘এ সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা একাধিক নিবন্ধে বিস্তারিত বিবরণ রয়েছে। ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’—এই দুটি নিবন্ধে শহীদ জিয়াউর রহমান নিজেই লিখেছেন, ‘‘সময় ছিল অতি মূল্যবান। আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও আর জওয়ানদের ডাকলাম। তাদের উদ্দেশে ভাষণ দিলাম। আমি সংক্ষেপে বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। আমি তাদের একটি সামরিক পরিকল্পনাও দিলাম। তখন রাত ২টা ১৫ মিনিট। ২৬ মার্চ ১৯৭১ বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে। এই দিনটিকে স্মরণ রাখতে ভালোবাসবে। তারা কোনো দিন ভুলবে না’’। শহীদ জিয়ার লেখা এসব তথ্য ১৯৭২ সালে দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা এবং ১৯৮০ সালে দৈনিক দেশ পত্রিকায় বিশেষ ক্রোড়পত্রে প্রচারিত হয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়ে পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতাকামী জনগণের উদ্দেশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। রেডিওর মাধ্যমে দেওয়া ঘোষণাটি দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল। ফলে ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য এবং অসাধারণ।’
সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘একটি দেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস, বীরত্ব ও শৌর্যের প্রতীক। এ কারণে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করার সুগভীর ষড়যন্ত্র দৃশ্যমান। বাংলাদেশের সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করার অপচেষ্টা চলমান ছিল।’
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল।’
তিনি বলেন, ‘সেনা হত্যাযজ্ঞের পরবর্তী সময়ে বাংলাদেশকে কী ভয়ংকর পরিণতি ভোগ করতে হয়েছিল, এটি দেশবাসীর জানা।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।’
তিনি আরও বলেন, ‘দেশপ্রেমিক জনগণ লক্ষ্য করেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী, গণবিরোধী গণঅভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।’
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সুতরাং আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সবার আগে বাংলাদেশ—এই চেতনা উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।’
