রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
প্রধান বিচারপতি

রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:৫৬ পিএম

রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না

প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে বিচারকেরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

তিনি বলেছেন, ‘‘তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না। রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।’’ 

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে এক অভিভাষণে প্রধান বিচারপতি এ কথা বলেন। 

বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারকদের দক্ষতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার বিচারিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। 

বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করতে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ‘‘বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।’’ 

বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধান বিচারপতি। 

দৈনিক মুক্তবাণী

Link copied!