খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় দোকানের ভেতরে ১০ থেকে ১২ জন অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শলুয়া সুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে আসা তিন মুখোশধারী দুর্বৃত্ত শলুয়া সুইস গেট এলাকার পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দোকানের ভেতরে কয়েকজন ক্যারম খেলছিলেন। গুলির শব্দে আতঙ্কিত হয়। পরে দুর্বৃত্তরা সুইস গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান ও ভ্যানচালক আব্দুল খালেক গুলিবিদ্ধ হন। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
