তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালী হাতিয়ার স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ১৯৭৮ সাল থেকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় পর্যায়ক্রমে জেগে ওঠা দ্বীপটির আয়তন প্রায় সিঙ্গাপুরের সমান। দ্বীপটি প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ ও ১৪ কিলোমিটার প্রশস্ত।
সম্ভাবনাময় এই দ্বীপকে ঘিরে রয়েছে অর্থনৈতিক ও পর্যটন বিকাশের অপার সম্ভাবনা। প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে রেডিও লিংকের মাধ্যমে সেখানে টেলিফোন, ইন্টারনেট ও মুঠোফোন নেটওয়ার্ক চালু করা হয়েছে। সৌরবিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগেরও বেশি সময়ে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর স্বর্ণদ্বীপ আগমনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্বাগত জানান।
অন্যদিকে, হাতিয়াবাসী দীর্ঘদিন ধরে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম সহজ করার লক্ষ্যে হাতিয়াকে নোয়াখালী থেকে পৃথক করে স্বতন্ত্র জেলা ঘোষণার দাবি জানিয়ে আসছেন।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
