সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সাধারণ আসনের মতো এখানে সব রাজনৈতিক দল প্রার্থী দিতে পারবে না।
ফেরদৌসী আহমেদ বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফলে তাঁর পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি সাধারণ আসন। বাকি ৫০টি নারী আসন। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোট সাধারণ আসনে যতটি আসন পায়, তার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছিল। এর একটি ছিল ফেরদৌসী আহমেদের।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইনের বিধান অনুযায়ী, কোনো সংরক্ষিত নারী আসন শূন্য হলে যে দল বা জোটের অনুকূলে আসনটি বণ্টন করা হয়েছিল, কেবল সেই দল বা জোটই উপনির্বাচনে প্রার্থী দিতে পারে।
এ নির্বাচনের ভোটারও হবেন সংশ্লিষ্ট দল বা জোটের সংসদ সদস্যরা। ফলে মিষ্টির আসনে বিএনপি একাধিক প্রার্থী দিলে তাঁদের মধ্য থেকে বিএনপির সংসদ সদস্যরা ভোট দিয়ে একজনকে নির্বাচিত করবেন।
তবে সাধারণত সংরক্ষিত নারী আসনে একক প্রার্থী দেওয়া হয়। সে ক্ষেত্রে ভোটের প্রয়োজন হয় না এবং প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করবে এবং নির্বাচন কমিশনকে বিষয়টি জানাবে। এরপর আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ওই আসন পূরণের জন্য নির্বাচন আয়োজন করবে কমিশন।
তিনি জানান, এই উপনির্বাচনের জন্যও পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে। তবে ভোটার হবেন সংশ্লিষ্ট দলের সংসদ সদস্যরা।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানা যায়, এ ঘটনার পর বুধবার রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশনা দেন।
এরপর বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
স্পিকার জানান, লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবিধানের বিধান অনুযায়ী আসনটি শূন্য হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হবে।
ফেরদৌসী আহমেদ বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন। তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিরপুরের শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন।
