সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

লংমার্চে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি, জোট ছাড়ার গুঞ্জন কতটা সত্য?

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১১:৫৯ এএম

লংমার্চে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি, জোট ছাড়ার গুঞ্জন কতটা সত্য?

এই যে এই মিষ্টি খাওয়ানোর চিত্র, এটাই পুরো দেশবাসীর কাছে স্পষ্ট করেছে কেন বাংলাদেশের আগামীর রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টিকে দরকার। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন বক্তব্যের পর গুঞ্জন ছড়ায় ১১ দলীয় জোট ছাড়ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা-খুলনা রোডমার্চে দলটির শীর্ষ নেতাদের অনুপস্থিতি, সেই আলোচনাকে দেয় নতুন মাত্রা।
আসলেই কি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ছে এনসিপি? এমন প্রশ্ন নিয়ে দৈনিক মুক্তবাণী মুখোমুখি হয় দলটির শীর্ষ নেতাদের সামনে। তারা জানান, ১১ দলীয় ঐক্যের জোট ছাড়ার কোনো পরিকল্পনা নেই। এমন খবরকে গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
জোট ছাড়ার বিষয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, ‘এনসিপির জোট ভাঙার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, এখন পর্যন্ত তার কোনো বাস্তবতা নেই। আমরা বাংলাদেশের সংস্কারসংক্রান্ত এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চাই। একই সঙ্গে যেসব গণহত্যা সংঘটিত হয়েছিল, সেগুলোর বিচার নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ১১ দল বা জামায়াতের যে জোট রয়েছে, তা এখনো চলমান আছে।’
দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়কনাসীরুদ্দীন পাটওয়ারীজানান, সাংগঠনিক ব্যস্ততার কারণে শনিবারের লংমার্চে যেতে পারেনি তাদের শীর্ষ নেতারা।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমাদের জোটের বিভিন্ন কর্মসূচিতে কেউ অসুস্থতা বা ব্যস্ততার কারণে অংশ নিতে না-ও পারেন। এর আগে মামুনুল হকও কয়েকটি কর্মসূচিতে অংশ নেননি। একইভাবে ওলি আহমেদও কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। এ ধরনের ঘটনা স্বাভাবিক ও নৈমিত্তিক বিষয়। আমরা সবাইকে জানাতে চাই, আমাদের ১১ দলীয় জোট এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। জোটের মধ্যে ন্যূনতম কোনো দূরত্ব সৃষ্টি হয়নি।’
একইভাবে এনসিপির জোট ছাড়ার গুঞ্জনকে ভিত্তিহীন বলেছেন ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, ‘সরকার নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দূরত্ব তৈরির চেষ্টা করছে। কিছু কিছু গণমাধ্যমও এর পেছনে লেগে আছে এবং দূরত্ব তৈরির জন্য একটি পরিকল্পনা তৈরি করছে। আমরা ১১ দলীয় ঐক্যের মধ্যেই আছি এবং এই ঐক্য অব্যাহত থাকবে।’
দল দুটির নেতাদের অভিযোগ, ১১ দলীয় ঐক্যের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন মোকাবিলায় ব্যর্থ হয়ে জোটের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে সরকারের একটি মহল। তবে সবকিছু মোকাবিলা করে দেশের স্বার্থে কাজ করবে এই জোট বলে জানান তারা।
তিনি আরও বলেন, ‘সরকারই চাপে পড়ে নানা কৌশলে জোটে ভাঙন ও দূরত্ব তৈরির বিষয়ে বহুমুখী বিভ্রান্তি ছড়াচ্ছে।’

এম/আই

Link copied!