জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
মঙ্গলবার এ চিঠি পাঠানো হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত দুটি ট্রাইব্যুনালে আটটি মামলার রায় হয়েছে। এর মধ্যে একটি মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ থাকে। সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় তাদের আপিলের সুযোগ আর নেই। ফলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইনি বাধা নেই।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ছাড়াও আরও ৯ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পর্যায়ক্রমে চিঠি পাঠানো হবে বলে জানান আমিনুল ইসলাম।
প্রসঙ্গত, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে করা একটি মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
