সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

শ্রমিকদের রাস্তায় নামাতে মিথ্যা প্রচার চালাচ্ছে পরাজিত শক্তি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৫:২৭ পিএম

শ্রমিকদের রাস্তায় নামাতে মিথ্যা প্রচার চালাচ্ছে পরাজিত শক্তি: রিজভী

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে প্ররোচিত করার চেষ্টা চলছে। ঘোলা পানিতে মাছ শিকারের এই অপচেষ্টা এখন জনগণের কাছে স্পষ্ট।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের নানাভাবে প্ররোচিত করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এর পেছনে পরাজিত শক্তির সরাসরি ইন্ধন ও উসকানি রয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি বলেন, গতকাল ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন নেতা এই উসকানির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তারা ভেতরে থেকে যেসব অপকর্ম করছেন, সেগুলো আবার নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বলে দাবি করেন তিনি।

দেশে প্রবেশের চেষ্টা প্রসঙ্গে রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে আর কারা জড়িত, তা-ও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক একটি বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে?’ এই সরকারের বয়স মাত্র আট মাস। বর্তমান সরকার দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই করছেন। এসব উদ্যোগের মাধ্যমে দেশে বিনিয়োগ আনা এবং কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চলছে।

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, দলটি গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৭ বছর প্রকাশ্যে আন্দোলন করেছে। অনেক রক্ত ঝরেছে, অনেকে জীবন উৎসর্গ করেছেন। তাই গুপ্ত রাজনীতি কিংবা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশ কঠিন সংকটের মুখে ছিল। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। এতে দেশের কলকারখানা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ বিভিন্ন খাতে সাময়িক সংকট তৈরি হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রিজভী আরও বলেন, সমাজে অস্থিরতা সৃষ্টি, চাঁদাবাজি, মাস্তানি ও মানুষের জমি দখলের মতো অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার জন্য কে উপযুক্ত প্রার্থী, কার জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা বেশি—তা স্থানীয় নেতারাই নির্ধারণ করবেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করবেন। নির্বাচনের তপশিল ঘোষণার পর এ প্রক্রিয়া আরও জোরদার হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও এম এ মালিকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

দৈনিক মুক্তবাণী

Link copied!