শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

‘দেশের মানুষ গণহত্যাকারীদের আর এ দেশে রাজনীতি করতে দেবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৪:৫১ পিএম

‘দেশের মানুষ গণহত্যাকারীদের আর এ দেশে রাজনীতি করতে দেবে না

বাংলাদেশের মানুষ কোনোদিন গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘যারা গণহত্যা চালিয়ে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি, অনুতপ্ত নয়; যারা গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, নিজের আপন ঠিকানায় দিল্লিতে বসে আছে তারা কখনো আর এদেশে এসে রাজনীতি করতে পারবে না।’

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদ-পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ও আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্তেও দ্বীন, দেশ ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এর আগে সংগঠনের দায়িত্বে ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ বিশিষ্ট আলেমরা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৬-১৭ বছর লেগেছে। এ সময় আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে শহীদ হয়েছেন। তাদের অনেকের নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতিসংঘের হিসাব অনুযায়ী জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। আমিও তাদের একজন ছিলাম। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় বেঁচে আছি। এ সময়ে প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলায় নিপীড়িত হয়েছেন।’

এ সময় গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দৈনিক মুক্তবাণী

Link copied!