নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ হাইকমিশন চিঠি পাওয়ার পর তা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার পক্ষে কাজ করার আনুষ্ঠানিক অনুমতিপত্র বা তার স্বাক্ষরিত সম্মতিপত্র পাওয়া যায়নি। ফলে প্রতিষ্ঠানটি তাদর পক্ষে আবেদন করার যথাযথ কর্তৃত্ব পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠান। চিঠির শুরুতে তিনি লেখেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে এই চিঠি লিখছি।’

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি ও বাধ্যবাধকতার আলোকে এ আবেদন করা হয়েছে। আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে জানালে আইনজীবী প্রতিষ্ঠানটি কৃতজ্ঞ থাকবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম সামনে এলো। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই রয়টার্সকে জানিয়েছিলেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথাও বলেছেন তিনি। তার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার দিনক্ষণ জানানো হবে।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।’
তিনি আরও জানান, শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন। একই দিন পৃথক আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। তার দল আওয়ামী লীগের কার্যক্রমও বর্তমানে নিষিদ্ধ। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিষ্পত্তি, আইনজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের বৈধতা এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা- সব মিলিয়ে বিষয়টি এখন কূটনৈতিক ও আইনি আলোচনার কেন্দ্রে রয়েছে।
