স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমঝোতা না হলে চলমান আন্দোলনের ঐক্য দুর্বল হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেছেন, ভিন্ন ভিন্ন প্রার্থী দেওয়ার কারণে মাঠপর্যায়ে বিভেদ তৈরি হলে বড় দল হিসেবে এর দায় জামায়াতে ইসলামীর ওপরই বর্তাবে।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী আন্দোলনেও ১১ দলীয় ঐক্যের সঙ্গে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। স্থানীয় সরকার নির্বাচনেও এই ঐক্যের ভিত্তিতে সমঝোতা প্রয়োজন। কিন্তু ১১ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী এককভাবে প্রার্থী ঘোষণা শুরু করেছে।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন ভিন্ন প্রার্থী দেওয়ার কারণে চলমান আন্দোলনের ঐক্য দুর্বল হতে পারে এবং মাঠপর্যায়ে বিভেদ তৈরি হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বড় দল হিসেবে এর দায় জামায়াতের ওপরই বর্তাবে।’
মামুনুল হকের মতে, সব দল আলাদাভাবে প্রার্থী দিলে চলমান আন্দোলনের ঐক্যে দুর্বলতা দেখা দিতে পারে। তাই আন্দোলনের বৃহত্তর স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মধ্যে সমঝোতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র, চেয়ারম্যান এবং সদস্যপদে দলের প্রার্থী বাছাইপ্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অনেক জায়গায় স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার পরিবেশ তৈরি হলে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানান তিনি।
এদিকে, সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থীদের নামও ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা দক্ষিণে মাহবুবুল হক এবং উত্তরে মুর্শিদুল আলম সিদ্দীককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
