মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে শেখ হাসিনাকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:৩০ পিএম

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে শেখ হাসিনাকে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তার ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ করে দেওয়া একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।’

তিনি বলেন, ‘পাসপোর্ট চাওয়াটা শেখ হাসিনার কৌশল কি না তা খতিয়ে দেখবে সরকার।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।’

জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে আনা হবে, তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’

দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুনসহ ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মাফিয়া দল, বিপুল অর্থ ব্যয়ে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে। মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে।’

দৈনিক মুক্তবাণী

Link copied!