বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, কী ঘটেছিল?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:৫১ পিএম

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, কী ঘটেছিল?

যুক্তরাজ্যের লন্ডনে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।
অনুষ্ঠানটা কী ছিল?

নাহিদ ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয় পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুতে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানের আয়োজক ছিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্য। অনুষ্ঠানটা নির্বিঘ্নেই শেষ হয়- ভেতরে বড় কোনো গোলমাল হয়নি।
হামলা কখন, কীভাবে

নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর রাত ১০টার দিকে মেফেয়ার হলের সামনে ও পেছনের সড়কে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, হলের বাইরে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকরা বের হওয়া অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন, তারপর কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে চড়াও হন। এছাড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থকরা হলের ভেতরে থাকা এনসিপির সমর্থকদের লাঠি দিয়ে পেটাচ্ছেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি প্রায় ২০ মিনিট ধরে চলে, সড়কে পার্ক করা কয়েকটি গাড়িও ভাঙচুর করে আওয়ামী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
হামলায় আহত কতজন

এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ দবি করেছেন, হামলায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আবার এনসিপির আরেক বিবৃতিতে আহতের সংখ্যা প্রায় ১০ বলা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজন লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের বক্তব্য

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘উগ্র কর্মীরা’ অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে তিনি আশা করেন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। স্ট্যাটাসে তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে এনসিপি আহ্বায়কের সফরসঙ্গী ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। হামলা নিয়ে ফেসবুক পোস্টে তিনি বলেন, নাহিদ ইসলামের কর্মসূচি পণ্ড করতে না পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হয়েছিলেন। খানিকটা উৎপাত করা ছাড়া অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে পারেনি। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হয়ে যাওয়ার শেষ মুহূর্তে কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
আওয়ামী লীগের অবস্থান

এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি — হামলার অভিযোগ একতরফাভাবে এনসিপির। আর লন্ডন পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি।
যুক্তরাজ্যে অনুষ্ঠানে যত বাধা

এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও বাধা দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। সর্বশেষ শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছিল। এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছিল। নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে আছেন; ২১ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা।
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। সফরসঙ্গী হিসেবে আছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!