রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
প্রতিটি ওয়ার্ডে হবে নাগরিক সমাবেশ

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১০:০৭ এএম

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

ছবি : সংগৃহীত

রাজধানীর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিদিন ঢাকা মহানগর উত্তরে একটি করে প্রশাসনিক ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ আয়োজন করা হবে। এসব সমাবেশে দলমত, ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানাবে দলটি।

শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি নিয়েছে। সব মিলিয়ে ১০০ দিনের কর্মসূচি পালন করা হবে।

সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ হবে। একটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও চলবে। শ্রমিক, পেশাজীবী ও মহিলা সংগঠনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে নতুন কর্মসূচি নেওয়া হবে।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অন্যতম লক্ষ্য ছিল জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায়ের আলোকে নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্রে কোনো নাগরিকের জীবন ও সম্পদ অনিরাপদ থাকতে পারে না। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, প্রতিটি সহিংসতা ও নাশকতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়। সরকারের দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, বৈধ রাজনীতি করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। যে কেউ নিজের বক্তব্য তুলে ধরতে পারেন, আন্দোলন-সংগ্রামও করতে পারেন। কিন্তু এর মাধ্যম সন্ত্রাস, বোমাবাজি বা অস্ত্রবাজি হতে পারে না। নিরীহ মানুষের ওপর হামলা কিংবা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ধ্বংস করার অধিকার কারও নেই। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি হতে পারে না।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সবাইকে শান্ত ও সচেতন থাকতে হবে। যেকোনো ধরনের উসকানি ও সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, আবার কাউকে আইন ভঙ্গ করার সুযোগও দেওয়া যাবে না। গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও সরকার রাষ্ট্রীয় সংস্কারের কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে এক ধরনের কর্তৃত্ববাদ প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। এর ফলে জনগণ সরকারের কাছ থেকে দূরে সরে গেছে।

তিনি আরও বলেন, জাতির এই সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কারের প্রতিফলন ঘটাতে হবে। পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চিন্তাধারা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না।

সরকারের প্রতি গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধামাচাপা বা গড়িমসি মেনে নেওয়া হবে না। জামায়াত জনগণের পক্ষে, সন্ত্রাসের বিপক্ষে। তারা প্রতিহিংসা, বিভেদ, বিশৃঙ্খলা কিংবা দখলদারত্বের রাজনীতি চান না; চান শান্তিপূর্ণ, নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষ থেকে একটি ডিজিটাল অ্যাপ তৈরির কথাও জানান সেলিম উদ্দিন। তিনি বলেন, নাগরিকদের ঘরে বসে কয়েক ডজন সেবা দেওয়ার লক্ষ্যে অ্যাপটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি আরও কিছু সচেতনতামূলক প্রচারাভিযানের প্রস্তুতি চলছে।

১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে জনগণকে ধারণ করার সক্ষমতা জামায়াতের নেতাকর্মীদের রয়েছে। আগামী ১০০ দিনের কর্মসূচির মাধ্যমে সেই সক্ষমতা জনগণের সামনে তুলে ধরতে চান তারা।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মহানগর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

জেএইচ

Link copied!